ফুলদানিতে দীর্ঘদিন ফুল সতেজ রাখবেন যেভাবে   

ঘর সাজাতে অনেকেই সতেজ ফুল বেছে নেন। ফুল শুধু ঘরের শোভাই বৃদ্ধি করে না, মনও ভাল রাখে। কিন্তু বাজার থেকে টাটকা ফুল আনার দিন দুয়েকের মধ্যেই তা শুকিয়ে যায়।

আসলে সতেজ ফুল কিনে আনার পর কিছু নিয়ম মেনে যত্ন নিলেই ফুল ভালো থাকবে অনেকদিন। জেনে নিন দীর্ঘদিন ফুল সতেজ রাখার কয়েকটি উপায়।

  • বাড়ির জন্য ফুলের তোড়া কিনলে আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে ফুল অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে।
  • যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই ফুলদানি পরিষ্কার করার সময় সবসময় সতর্ক থাকুন।
  • ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো ছেঁটে ফেলুন। কারণ, পাতা দ্রুত শুকিয়ে যায়।
  • সবজি বা পাকা ফলের কাছাকাছি ফুল রাখবেন না। কারণ, পাকা ফল থেকে নির্গত ইথিলিন গ্যাসের প্রভাবে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে।
  • ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুলগুলো ভিজিয়ে রাখুন।
  • কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে দ্রুত পচন ধরবে।
  • দু’দিন পরপর ফুলদানির পানি পাল্টে দিতে হবে। নইলে ফুল এ কারণেও শুকিয়ে যেতে পারে। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে; কিন্তু ঘনঘন পানি পাল্টে দিলে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ পায় না।
  • ফুলের পুরো ডাল না কেটে প্রতিদিন কোণাকুণি করে অল্প অল্প করে কেটে দিন। ধারালো কাঁচি দিয়ে ৪৫ ডিগ্রি কোণে ডাল কাটতে হবে। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। 
  • ফুলদানির পানিতে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়ে তাতে ফুল রাখুন। ফুল দীর্ঘদিন সতেজ থাকবে ও সুগন্ধ ছড়াবে।
  • ১ কাপ পানিতে সামান্য একটু লবণ ও সমপরিমাণ চিনি মেশান। এরপর এতে ফুল রাখুন। অনেকদিন পর্যন্ত ফুলের সুগন্ধ বজায় থাকবে।