ঘরের শোভা বাড়াতে ইনডোর প্ল্যান্টের বিকল্প নেই। সবুজের ছোঁয়া দিয়ে সহজেই বদলে দিতে পারেন ঘরের ভোল। তাই ইচ্ছে মতো গাছ এনে ঘর সাজিয়ে নিলেন, এমনটি মোটেও করবেন না। শুধু গাছ দিয়ে ঘর সাজালেই হবে না, তার নিয়মিত যত্ন নিতে হবে। কিছু না করলেও প্রতিদিন অন্তত পানি দিতেই হবে। এছাড়া বাড়তি খরচও গুনতে হবে।
কর্মজীবীদের জন্য গাছের জন্য আলাদা সময় বের করা সত্যিই কঠিন। তাই অনেকে সন্ধান করেন এমন কিছু গাছ, যার জন্য খুব বেশি যত্ন না নিলেও ভালো থাকবে। এই পর্বে রইল তেমনই কিছু ইনডোর প্ল্যান্টের সন্ধান। যা অল্প যত্নেও বেড়ে উঠবে ঠিকঠাক ভাবে।

স্নেক প্ল্যান্ট: ঘরের শোভা বাড়াতে বেশ কার্যকরী এই গাছ। আপনার বসার ঘরে রাখতে পারেন গাছটি। দেখতেও বেশ লাগবে। স্নেক প্ল্যান্ট এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। ঘরের বাতাসকে পরিশুদ্ধ রাখতে এই গাছের জুড়ি মেলা ভার। মাজার বিষয় হলো এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না। ৪-৫ দিনে একবার গাছের মাটি ভিজিয়ে দিলেই চলবে। সেই সঙ্গে পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে। তাতেই তরতাজা আর সুস্থ থাকবে স্নেক প্ল্যান্ট।
অ্যালোভেরা: শুধু ঘরের ভিতরেই শোভা বাড়বে না এই গাছ, রূপচর্চায়ও বেশ কার্যকরী। একটি সিরামিকের টবে পরিমাণমতো মাটি, বালি এবং সার দিয়ে লাগতে পারেন অ্যালোভেরা। আর রাখতে পারেন ঘরের টেবিলে কিংবা বারান্দায়। অ্যালোভেরায় অতিরিক্ত পানি দিতে হয় না। সপ্তাহে মাত্র ২ দিন সামান্য পরিমাণ পানি দিলেই কাজ শেষ। তবে গাছটি মাঝে মাঝে রোদে রাখবেন।

তুলসী: এই গাছটির একদিকে যেমন ভেষজ গুণ রয়েছে, ঠিক তেমনই ঘরের বাতাস রাখে পরিশুদ্ধ। তবে তুলসী ঝুলানো টবে বারান্দায় কিংবা জানালায় রাখতে পারেন। আর সপ্তাহে ৩ দিন অল্প পানি দিতে হবে। গাছটিতে মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। দেখবেন খুব দ্রুতই বেড়ে উঠেছে গাছটি।
রাবার গাছ: ঘরের শোভা শতগুণে বাড়িয়ে দিতে পারে রাবার গাছ। ভিন্ন রকম গাছের মধ্যে এটি অন্যতম। বড় একটি সিরামিকের টবে বসাতে পারেন এই গাছ। আর রাখতে পারেন সোফার পাশে বা বারান্দায়। গাছটিতে সপ্তাহে ২ দিন পানি দিলেই চলবে। আর অবশ্যই গাছের পাতায় মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।

মানি প্ল্যান্ট: এই গাছেরও খুব একটা যত্নের প্রয়োজন হয় না। কিছুটা সময় হাতে রাখলেই গাছটিকে ভালোভাবে রাখতে পারবেন। মানি প্ল্যান্টের টবটি বারান্দায় কিংবা ঘরের যেকোনো কোণে রাখতে পারেন। আর মাঝে মাঝে পানি স্প্রে করে দিতে হবে। তাতেই গাছ ভালো থকবে। আর আপনি চাইলে মানি প্ল্যান্ট পানির ভিতরেও রাখতে পারেন। সেক্ষেত্রে শিকড় থেকে মাটি পরিষ্কার করে দিতে হবে।


ঈদের আগেই পাল্টে দিন ঘরের সাজ, কীভাবে জানুন
ছোট ফ্ল্যাট, কোথায় করবেন শখের বাগান
