সঙ্গীর সঙ্গে মান–অভিমান কিংবা ঝগড়া বেশ স্বাভাবিক ঘটনা। অনেক সময় খুঁটিনাটি ঝগড়া বড় আকার ধারণ করতে পারে। তবে কিছু কৌশল এমনটা হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কারও সঙ্গে তর্ক করার মধ্যে মাত্র পাঁচ সেকেন্ডের বিরতি নেওয়া পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
মার্কিন সংবামদমাধ্যম সিএনএন জানায়, ৮১ দম্পতির ওপর করা জরিপের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফলাফল নেচার সাময়ীকিতে প্রকাশিত হয়েছে।
অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্সের একজন ডক্টরাল শিক্ষার্থী অ্যানাহ ম্যাককারি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। ম্যাককারি বলেন, ‘আমরা দেখতে চেয়েছিলাম নেতিবাচক আবেগ কমানো সম্ভব হয় কি না। দেখা গেছে, তর্কে অল্প বিরতি নিলে একে অপরের প্রতি আক্রমণাত্মক মনোভাব কমানো সম্ভব।’
ম্যাককারি ও তাঁর দলের গবেষণায় দেখা যায়, ঝগড়ার সময় ৫, ১০ কিংবা ১৫ সেকেন্ডের বিরতি দম্পতিদের মধ্যে নেতিবাচক আবেগ এবং আক্রমণাত্মক আচরণ কমাতে সমান প্রভাব ফেলে। ম্যাককারি বলেন, ‘আমরা ভেবেছিলাম পাঁচ সেকেন্ড খুব কম সময় কিন্তু অবাক করা বিষয় হলো, ৫, ১০ ও ১৫ সেকেন্ডের বিরতি একইরকম প্রভাব ফেলে।’
গবেষণায় দম্পতিদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। এটি ঝগড়া এবং বিরক্তির অনুভূতি তৈরি করে এমন একটি প্রতিযোগিতা ছিল, যেখানে দম্পতিরা তাদের সঙ্গীর প্রতি অপ্রীতিকর শব্দ ব্যবহার করতে পারে। ঝগড়ার মধ্যে তাঁরা ৫, ১০ ও ১৫ সেকেন্ড করে বিরতি নিয়েছিলেন। এ সময় একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তাদের আবেগ রেকর্ড করা হয়। মুখের পেশীর নড়াচড়া বুঝতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার ব্যবহার করা হয়েছিল। আর আবেগ অনুমান করার জন্য একটি সিস্টেম ব্যবহার করা হয়েছিল।
গবেষণার ফলাফলে দেখা গেছে, যদি তর্কের সময় বিরতি নেওয়া হয়, তবে একে অপরের প্রতি আক্রমণাত্মক আচরণের প্রবণতা কমে এবং নেতিবাচক আবেগ হ্রাস পায়। এর পরিপ্রেক্ষিতে ম্যাককারি মনে করেন, দুজনের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ৫ সেকেন্ড সময় নিয়ে লম্বা শ্বাস নেওয়া উচিত। এটি পরিস্থিতি শান্ত করতে সাহায্য করে।