কথায় আছে ‘রেগে গেলেন, তো হেরে গেলেন’। কথাটি অনেকাংশেই সত্য। কারণ রাগের মাথায় নেয়া বেশিরভাগ সিদ্ধান্তই ভুল হয়। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যক্তি জীবন, এমনকি সামাজিক জীবনেও বিরূপ প্রভাব পড়তে পারে।
রাগ নিয়ন্ত্রণ করা গেলে অনেক কিছু করা সম্ভব। রাগ শুধুমাত্র আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি সম্পর্কের জন্যও খারাপ। শুধুমাত্র রাগের জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার প্রিয় সম্পর্ক। রাগ নিয়ন্ত্রণে জেনে নিন সহজ ৬টি উপায়।
নিঃশ্বাস নিন
অনেকে রেগে গেলে অনেকে ঘন ঘন শ্বাস নিতে থাকে। এতে রাগ কমে না, বরং বেড়ে যায়। এই কাজটি একটু ভিন্নভাবে করতে হবে। গভীরভাবে শ্বাস গ্রহণ করুন, তারপর সেটি মুখ দিয়ে ছেড়ে দিন। দেখবেন এটি আপনার ভিতরে জমে থাকা রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
হেঁটে আসুন
শারীরিক কসরত আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে। যে কারণে আপনি রেগে গেছেন সেটিও দূর করতে সাহায্য করবে। যখন রেগে যাবেন তখনই হাঁটতে বেরিয়ে যেতে পারেন। হাঁটা কিংবা দৌড় আপনার স্ট্রেস কমিয়ে দেবে। সেই সঙ্গে আপনার রাগ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।
বলার আগে ভাবুন
রাগের মাথায় কাউকে কিছু বলার আগে ভাবুন। একবার কোনো কিছু বলে ফেললে সেটি আর পরিবর্তন করা যায় না। তাই রেগে কাউকে কিছু না বলার চেষ্টা করুন। বলার পর যেনো আপনাকে অনুতপ্ত হতে না হয়।
দ্রুত স্থান ত্যাগ করুন
হঠাৎ বেশি রাগ হলে, সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করুন। এটি রাগ নিয়ন্ত্রণের অন্যতম কার্যকরী উপায়। যে মানুষটির ওপর আপনার রাগ তার থেকে কিছু সময় দূরে থাকুন। দেখবেন কিছুক্ষণ পর রাগ এমনিতেই কমে গিয়েছে। এতে নিজেকে পরাজিত মনে করার কিছুই নেই। বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, তবে অবস্থান পরিবর্তন করুন। যেমন, আপনি যদি দাঁড়িয়ে থাকেন তবে তখন বসে পড়তে পারেন।
উল্টো গণনা শুরু করুন
বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে বেশ ভাল কাজ করে। যদি মনে হয়, আপনি কোনো ঘটনায় বিরক্ত হচ্ছেন, তখনই পিছন দিক থেকে গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে। কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার।
ক্ষমা করতে শিখুন
রাগকে নিজের মধ্যে পুষে না রেখে, ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে।