তরুণদের চোখে বিশ্বের সেরা শহর কোনটি, জানেন?

বিশ্বের নানা শহরের জীবনযাত্রা, বিনোদন আর বসবাসের মান নিয়ে তালিকা করার ক্ষেত্রে ‘টাইম আউট’-এর সুনাম পুরোনো। এবার প্রথমবারের মতো তারা প্রকাশ করেছে ৩০ বছরের নিচের তরুণদের জন্য বিশেষ তালিকা, যেখানে সেরা শহরের মুকুট উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মাথায়।

তরুণদের ভোটে এগিয়ে ব্যাংকক

টাইম আউট জানায়, তরুণদের চোখে ব্যাংকক সুখী জীবন, সাশ্রয়ী ব্যয় আর নতুন মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার সুযোগের জন্য সেরা শহর। শহরটি ‘বন্ধুবৎসল, সংস্কৃতিতে সমৃদ্ধ এবং ওয়াট অরুন ও গ্র্যান্ড প্যালেসের মতো বিখ্যাত স্থাপত্যে ভরপুর’।

মেলবোর্ন দ্বিতীয়, কেপ টাউন তৃতীয়

দ্বিতীয় স্থানে এসেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। যা বৈচিত্র্য, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও শিল্প-সংস্কৃতির জন্য প্রশংসিত। শহরটির ‘হাই স্ট্রিট’ বিখ্যাত রেস্তোরাঁ, গোপন বার, লাইভ মিউজিক ভেন্যু ও বুটিক দোকানের জন্য আগেই আলোচনায় ছিল।

তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, যা সৌন্দর্য আর সাশ্রয়ী রাতের বিনোদনের জন্য পরিচিত। টেবিল মাউন্টেনের মনোমুগ্ধকর দৃশ্য শহরের অন্যতম আকর্ষণ।

বাকি তালিকায় কারা

চতুর্থ স্থানে নিউইয়র্ক, তরুণদের কাছে ‘সবচেয়ে উত্তেজনাপূর্ণ’ শহর হিসেবে পরিচিত। পঞ্চম স্থানে ডেনমার্কের কোপেনহেগেন, যা ভালো খাবার, ভালো মানুষ আর প্রেম খোঁজার সুযোগের জন্য খ্যাত। ষষ্ঠ স্থানে স্পেনের বার্সেলোনা, সপ্তমে স্কটল্যান্ডের এডিনবারা, অষ্টমে মেক্সিকো সিটি, নবমে লন্ডন এবং দশমে চীনের সাংহাই।

তরুণদের জন্য সেরা ২০ শহর

  • ব্যাংকক, থাইল্যান্ড
  • মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  • কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
  • নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  • কোপেনহেগেন, ডেনমার্ক
  • বার্সেলোনা, স্পেন
  • এডিনবারা, স্কটল্যান্ড
  • মেক্সিকো সিটি, মেক্সিকো
  • লন্ডন, ইংল্যান্ড
  • সাংহাই, চীন
  • সিডনি, অস্ট্রেলিয়া
  • বেইজিং, চীন
  • প্যারিস, ফ্রান্স
  • টোকিও, জাপান
  • বার্লিন, জার্মানি
  • সেভিল, স্পেন
  • শিকাগো, যুক্তরাষ্ট্র
  • চিয়াং মাই, থাইল্যান্ড
  • প্রাগ, চেক প্রজাতন্ত্র
  • লিসবন, পর্তুগাল