মিয়ানমারের সেনারা ফিরবেন দু–এক দিনে: স্বরাষ্ট্রমন্ত্রী 

আগামী দুই-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সেনা সদস্যদের জাহাজে করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছি তাদেরকে ফেরত নেওয়ার জন্য। আমার মনে হয় তারা জাহাজে করে অতিশিগগিরউ ফেরত নিয়ে যাবে। আমাদের কাছে সেই ধরনেরই বার্তা পাঠিয়েছে।’ 

আসাদুজ্জামান খান জানান, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই। যারা এখন বাংলাদেশে অনুপ্রবেশ করছেন তারা জীবন বাঁচাতেই আসছেন। 

দেশে নতুন করে কোনো রোহিঙ্গাকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ যদি নতুন করে অনুপ্রবেশ করে তাদেরকে স্থায়ীভাবে আর থাকতে দেওয়া হবে না।’ 

যেসব সেনা বাংলাদেশে প্রবেশ করেছে তারা মিয়ানমারে গণহত্যায় জড়িত কিনা, তা জানা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য।’

কক্সবাজারের পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের কোয়াইনচি বং ও রাইমনখালীতে সোমবার রাত থেকে সংঘর্ষ চলছে। ভেসে আসছে ভারী গোলার শব্দ। মঙ্গলবার দুপুরে সেসব এলাকায় দেখা গেছে তীব্র ধোঁয়া। স্থানীয়দের ধারণা, মিয়ানমার সেনাদের ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে আরাকান আর্মি। এতে নতুন করে আতংক দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। 

বান্দরবান ঘুমধুম ও তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে টানা ১১ দিন গোলাগুলির পর পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোনো সময় আবারও সংঘর্ষ বাধার শঙ্কায় সীমান্তের মানুষ। 

মিয়ানমারে চলমান সংঘাতের মাঝে নাফ নদী পার হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সতর্ক অবস্থানে আছে বিজিবি ও কোস্টগার্ড। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে  গণমাধ্যমে কথা বলতে রাজি হননি এই দুই সংস্থার কর্মকর্তারা।