জ্বলছে বিটিভি ভবন, ভেতরে আটকা অনেকে

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানার টেলিভিশনটির কর্মীরা। 

বিটিভির একজন সংবাদকর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, মূল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। বার্তাকক্ষ এরই মধ্যে খালি করে কর্মীদের ভবন থেকে নিচে নামতে বলা হয়েছে। তবে এখনও অনেকেই ভেতরে আটকা পড়ে আছেন। 

এর আগে, বৃহস্পতিবার দুপুর ৩টার পরে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়।

বিটিভির কর্মীরা জানান, হঠাৎ করে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন। 

বৃহস্পতিবার সকাল থেকেই মেরুল বাড্ডা থেকে রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এ সময় একই এলাকায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটি আগুন দিয়েছে তা জানা যায়নি। 

দুপুরের পর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। 

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে দুটি হেলিকপ্টারে করে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করতে দেখা যায়। 

ভিডিও দেখুন:সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পুলিশের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন।  

এদিকে, উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ রাখা আছে কুয়েত মৈত্রী হাসপাতালে। 

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বুধবার রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

আরও পড়ুন: