শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা 

আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতেই আছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।’ 

তবে কী প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে তা খোলাসা করেননি পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘একমাস সময় দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে ফেরত আনতে যা যা করা প্রয়োজন চেষ্টা করব আমরা।’ 

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দিয়েছে আদালত। 

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৬০টির বেশি হত্যা ও গুমের অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৫৪টিতেই মূল আসামি শেখ হাসিনা।