এনইআইআর বাতিলের দাবি

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে পরে র‍্যাব ও সেনাবাহিনীও যোগ দেয়।

মোবাইল ব্যবসায়ীরা রাজধানীর কারওয়ান বাজারে সকাল সাড়ে দশটা থেকে অবরোধ কর্মসূচি পালন করতে গেলে দফায় দফায় এ সংঘর্ষ হয়। দীর্ঘসময় গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই সড়ক বন্ধ থাকার প্রভাব রাজধানীর অন্যান্য সড়কেও পড়েছে। রামপুরা, মহাখালী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত পুলিশি অভিযানে টিকতে না পেরে ব্যবসায়ীরা রাস্তা ছেড়ে চলে যান। এরপর দুপুর আড়াইটার পর সড়কে যান চলাচল শুরু হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় ব্যাহত হয় যান চলাচল। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিচার্জ করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে যোগ দেয় র‌্যাব ও সেনাবাহিনী। দফায় দফায় চলে সংঘর্ষ।

এরপর দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে এসে বসে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে ফের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।