প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যে বিনিয়োগ নিয়ে কথা হবে।’
রোববার কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় স্থানীয় সময় রাত পৌনে ১১টায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান এসব বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী হানানি হারুন। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।