সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর স্ত্রী হানানি হারুন। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ২৩ জন।
প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্বগ্রহণের চার মাস পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন। দেশটিতে দুই দিনের সফর শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী।



