দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি ফর্ম কেনা হয়। তবে রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
২৩তম রাষ্ট্রপ্রতি নির্বাচনের ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।