রাজনৈতিক কারণে ৪৯তম বিসিএসে কেউ বাদ যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী 

৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে ৪৯তম বিসিএসে কেউ বাদ যায়নি। এখনো ১১ দিন আছে যোগদানের। ধৈর্য ধারণ করার জন‍্য অনুরোধ করেছি। বাকি ৪৬ জনের জন‍্য প্রজ্ঞাপন হবে। অস্থিরতা সৃষ্টি নয়। ভেরিফিকেশন নিয়মিত প্রক্রিয়া।  

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার কারণ নেই। কোমলমতি শিক্ষার্থীদের ব‍্যবহার না করার অনুরোধ করছি।

মন্ত্রী বলেন, অপরাধকে অপরাধ হিসেবে গ্রহণ করছি। বিগত ৬ মাসে অপরাধ সংঘটিত হওয়ার পর, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়নি, এমনটি কেউ বলতে পারবে না। অপরাধকে অপরাধ হিসেবে গণ্য করছি। মেসেজ দেওয়া বিষয় নেই। অপরাধ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফুটপাত হকারমুক্ত করার চেষ্টা আমাদের। বিকল্প কিছু করা যায় কি না সেটা ভাবছি। শৃঙ্খলায় আনতে চাই। এর সাথে অস্থিরতা সৃষ্টির কোনো সম্পৃক্ততা নেই।