দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
তিনি জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষের ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর এই ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে ওই এলাকার পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।


