সেনাবাহিনী জানিয়েছে, পর্যটন নগরী পোখরার যেখানে যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে কোনো আরোহীকে জীবিত পাননি তারা। সোমবার নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রাসাদ ভাণ্ডারি বলেছেন, “দুর্ঘটনাস্থল থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করিনি।”
রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের দুই ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজ এটিআর ৭২-৫০০ পোখরায় অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়।
তিন দশকের ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় দেশজুড়ে একদিনের শোক পালিত হচ্ছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের একটি প্যানেল গঠন করেছে দেশটির সরকার।
রোববার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারাগামী অভ্যন্তরীণ রুটের ওই উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।
/জে পি/