‘নোট অব ডিসেন্টগুলো’ লিপিবদ্ধ থাকলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত এক পথ সভায় একথা বলেন তিনি।
পথসভায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে সই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘আমি হাসিনাকে নিষেধ করেছিলাম এত অত্যাচার নির্যাতন করবে না। মানুষকে চলতে দেন, তাদের ভোটাধিকার ফেরৎ দেন, কিন্তু তারা তা করেনি।’
দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থা আমরা কেন করব যে, অবস্থায় আমরা মানুষের কাছে দাঁড়াইতে পারব না। আ. লীগের নেতা-কর্মীরা শুধু নয়, বায়তুল মোকাররম মসজিদের খতিবও পযর্ন্ত পালিয়ে গেছে। এত অপকর্মের সঙ্গে জড়িত যে, মসজিদের খতিবসহ পালিয়েছে।’
বিএনপির জন্ম হয়েছে সংস্কার ও আন্দোলনের মধ্য দিয়ে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল। যার জন্ম হয়েছে সংস্কার ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের কোনো বিকল্প নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশে আসলে দেশ জনগণের জনসমুদ্রে পরিণত হবে।’
জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে— এমন আশা করে মির্জা ফখরুল বলেন, ‘এবার হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে বিএনপির কোনো বিকল্প নেই। হিন্দু-মুসলিম ভাই-ভাই, এবার ধানের শীষে ভোট দিবে সবাই। আমরা আশাবাদী, জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে।’
এদিকে, আজ শুক্রবার নিজ এলাকার দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করে ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল। তবে তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: