দৈনিক প্রথম আলোয় অগ্নিকাণ্ড ও ভাঙচুর কাম্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার বিকেলে পত্রিকাটির পোড়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘এনসিপির একটি প্রতিনিধিদল আজ প্রথম আলো পরিদর্শন করেছে। এমন ঘটনা কখনোই কাম্য নয়। পক্ষে-বিপক্ষে মতামত থাকবে, কিন্তু তা যেন কখনোই এমন ভ্যান্ডালিজম (ধ্বংসাত্মক কর্মকাণ্ড) না হয়। প্রথম আলোর সঙ্গে যা হয়েছে, তার সহমর্মিতা জানাতে এসেছি। এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সেই প্রত্যাশা করছি।’
অগ্নিকাণ্ড ও ভাঙচুরের এ ঘটনায় ‘সুষ্ঠু তদন্তের পর বিচারের’ দাবিও জানান তিনি।
সারজিস বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই। এ ছাড়া আমরা এসব সংবাদমাধ্যম থেকে পেশাদারত্ব আশা করি। দিনশেষে সাধারণ মানুষই সিদ্ধান্ত নেবে কে সঠিক আর কে ভুল। জুলাই অভ্যুত্থানের সময় এই প্রথম আলোতেই শহীদদের নামের তালিকা আমরা পেয়েছি। তারা তাদের সর্বোচ্চ দিয়ে সংবাদ প্রচার করেছে।’
ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা চালায় একদল উগ্র মব। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কর্মীদেরও যেতে দেওয়া হয়নি। পুড়ে ছাই হয় প্রথম আলো পত্রিকার পুরো ভবন। ওই দিন লাঞ্ছনার শিকার হন জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীর।