নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে হয় না, হয় গুলশান থেকে—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। বুধবার ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘জনগণের ৪ হাজার কোটি টাকা লুটপাট করা ঋণখেলাপীদেরকে জনাব তারেক রহমান মনোনয়ন দেয়। সেই ব্যাংক লুটেরাদেরকে এই নির্বাচন কমিশন নির্বাচন করতে দিয়েছে এবং তারা এখন ব্যাংক লুটেরাদের প্রতিনিধি হিসেবে সংসদেও আছে।’
তিনি বলেন, ‘তখন এই নির্বাচন কমিশন তাদেরকে নিয়ম দেখাতে পারেনি। কারণ তাদের সেই মেরুদণ্ডটা নাই। ক্ষমতা আর দলের কাছে নিজেদের ব্যক্তিত্বকে বেঁচে দিয়ে তারা এখনো নির্বাচন কমিশনে পদ ধরে রেখেছে। প্রতিনিয়ত তাদের দলীয় প্রভুদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে হয় না, হয় গুলশান থেকে।’
‘মনিরা শারমিন একসময় সরকারি চাকরি করতো আর নুসরাত তাবাসসুম কোনো কারণে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ফরম জমা দিয়েছে বলে তাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন! অথচ সর্বশেষ দুটি আসনের উপনির্বাচনে যখন দিনে দুপুরে ভোট চুরি হলো, ব্যালটে সিল মারা হলো, ভোটকেন্দ্র দখল করা হলো তখন এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার অন্যান্য কমিশনাররা মুখে কুলুপ এঁটে ছিল।’—ফেসবুকে লেখেন সারজিস।
সারজিস পোস্টে আরও লেখেন, ‘এরা যেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা ছবিটা তাদের বেডরুমে টাঙিয়ে রাখে। এর চেয়েও ভয়ংকর পরিণতি এই দল দাসদের হবে।’