ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে জামায়াতের এক নেতা দুঃখপ্রকাশ করে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত এবং তৃতীয়পক্ষের ইন্ধন রয়েছে।

এর আগে দলটির নেতা–কর্মীরা ধানমন্ডি ৩২ এর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। আওয়ামী লীগ বিরোধী নানান স্লোগান দেন তারা। অভিযোগ তোলেন, একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা প্রতিহত করবেন তারা।

এদিকে কোনোরকম আইনশৃঙ্খলা যেন বিঘ্ন না হয় তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সকাল থেকে দেখা মেলেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা ঝটিকা মিছিল।

এর আগে ৩২ নম্বর পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। তিনি বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।