গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে থেকে সিলেট শহরে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের পৌর মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এতে অংশ নেন সারজিস আলম ও মাহমুদা মিতুসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে অডিটোরিয়াম থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেটের নূর ম্যানশনের সামনে পৌঁছালে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে। পরবর্তীতে এনসিপি নেতা-কর্মীরা গোলাপগঞ্জ থেকে সিলেট শহরের দিকে রওয়ানা দিলে পথিমধ্যে হেতিমগঞ্জ বাজারেও তাদের গাড়ি বাধার মুখে পড়ে। এ সময় এনসিপির গাড়িবহরকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়।

পর পর দুটি ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, এপিবিএন সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রদল এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। তবে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ।

এদিকে এনসিপির সিলেট জেলা সদস্য সচিব কামরুল আরিফ জানান, এনসিপি নেতারা প্রথমে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এর পর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান তিনি।