হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এই মামলা দায়ের করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহির রুবেল।
বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এই মামলা দায়ের করে এনসিপি'র কেন্দ্রীয় নেতারা পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে, আজ বিকেলে উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছালে, তাদের পথ আটকে দেয় পুলিশ। সে সময় রাস্তায় অবস্থান নিয়ে এনসিপির নেতারা স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। এদিন সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়।
এ ঘটনার প্রতিবাদে আজ ((বুধবার)) হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে এনসিপি ও বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৩ প্লাটুন বিজিবি।



