বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার মে দিবসের আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া। গত ৮ মে সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হলে এই আলোচনা সভা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি লেখক রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি ও সদস্য বশির ইবনে জাফর।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. কহিনুর হোসেন জোয়ার্দ্দার ও মো. আশিকুর রহমান।

বক্তারা বলেন, ‘উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মানসহ নানা দাবি–দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনো শ্রমিক শ্রেণি লড়াই করে যাচ্ছে। মালয়েশিয়াও এর থেকে ব্যতিক্রম নয়। এ দেশে অবস্থানরত হাজার হাজার শ্রমিকও নানান সময় নানান হয়রানির শিকার হয়। গুঞ্জন শোনা যাচ্ছে আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা চাই, কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতের মত যেন কোনো সিন্ডিকেট না থাকে এবং অভিবাসন ব্যয় যেন আগত কর্মীদের নাগালের মধ্যে থাকে। সরকার যেন সঠিক কোম্পানিগুলোতে কর্মী পাঠায়, যাতে পরবর্তীতে এসে কাজ না পেয়ে মালয়েশিয়ার রাস্তায় রাস্তায় শ্রমিকদের ঘুরতে না হয়।’

এসব বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা ।

অনুষ্ঠানে অতি সম্প্রতি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের সহ-সভাপতি কায়সার হামিদ হান্নানের বাবার আশুরোগ মুক্তি কামনায় এবং বিভিন্ন সময় বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে আন্দোলনে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।