সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে গত ৩ সেপ্টেমম্বর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে।
এই লীগের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিমিয়ার লীগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এ লীগে অংশ নেবে। এজন্য সৌদি আরব ক্রিকেট বোর্ডের অনুমতি নেওয়া হয়েছে।’
ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রবাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি।
বাংলাদেশ এবং পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা এবং ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।