১৩ বছরের দীর্ঘ বিরতির পর আবারও আগামী ১৪ ডিসেম্বর একই মঞ্চে দেখা যাবে তপু এবং রক ব্যান্ড অর্থহীনকে, যার নেতৃত্বে আছেন অবিনাশী বেসবাবা সুমন। এই দুই শিল্পী শুধু সমসাময়িক নন, তারা একসময় একসঙ্গে কাজও করেছেন।
বাংলাদেশে অর্থহীনের সাম্প্রতিক কিছু কামব্যাক কনসার্ট হলেও, বিদেশের মাটিতে—বিশেষ করে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে—এই যুগলবন্দি অত্যন্ত বিরল। "মুক্তির প্রতিধ্বনি" শিরোনামের এই কনসার্টটির মূল আয়োজক গ্রেটার সান ডিয়েগো বাংলাদেশি অ্যাসোসিয়েশন (জিএসবিএ) এবং ব্লু মুন এন্টারটেইনমেন্ট।
জিএসবিএ একটি অলাভজনক সংস্থা, যা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংস্কৃতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে এবং স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি সংস্কৃতির প্রচার করে। অপরদিকে, ব্লু মুন এন্টারটেইনমেন্ট মূলত একটি প্রযোজনা এবং বিতরণকারী প্রতিষ্ঠান।
দীর্ঘ বিরতি, কঠিন লড়াই, জীবনের নতুন অধ্যায়—সবকিছু পার করে যখন তপু আর অর্থহীন আবার একই আলোয় দাঁড়াবেন, তখন শুধু দুই শিল্পী নয়—একটি পুরো প্রজন্ম নিজের গল্পটাকেই আবার শুনবে।
বিজয় দিবসকে সামনে রেখে আয়োজিত কনসার্টটির আয়ের সম্পূর্ণ অর্থ দান করা হবে বাংলাদেশে বিভিন্ন মানবিক কল্যাণ উদ্যোগে।কনসার্টের স্থান: জেমস ট্রুয়াক্স পারফর্মিং আর্টস, এল কামিনো হাই স্কুল, ওশেনসাইড, ক্যালিফোর্নিয়া, ৯২০৫৬।