সাংহাইয়ের এআই সম্মেলনে বাংলাদেশ

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ২০ জুলাই পর্যন্ত। আজ ১৭ জুলাই সম্মেলনের উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন।

বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল উন্নয়ন ও ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এআই গভর্ন্যান্স, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ সময় তিনি ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, ডাব্লিউআিইসিতে বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরবে। একই সঙ্গে এআই ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগও তৈরি করবে।