দেশের বাজারে নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ এনেছে র্যাংগসএক্স। প্রাথমিকভাবে তিনটি মডেলের ইলেকট্রিক স্কুটার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক ব্যবসায়িক ইউনিট র্যাংগসএক্সের নতুন এই ব্র্যান্ডের স্কুটারগুলো হলো আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস।
স্কুটারগুলোতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা খুলে আলাদা জায়গায় চার্জ করা যাবে। এ ছাড়া রয়েছে ১২ ইঞ্চি চাকা ও বাংলা ভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে। বিভিন্ন রঙের পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে স্কুটারগুলো বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই এম৯ নামের আরও একটি মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
প্রদর্শনীতে আরএক্সের পাশাপাশি আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রদর্শিত হয় ডংফেংয়ের ইএম২৬ মডেলের ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাস। এরই মধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেংয়ের ইলেকট্রিক ভ্যান সরবরাহ করেছে র্যাংগসএক্স।
র্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, ‘দেশের মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য বৈদ্যুতিক যানবাহনকে বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে আরএক্সের স্কুটারগুলো বাজারে আনা হয়েছে।’
প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য স্কুটারগুলো সরাসরি দেখার পাশাপাশি নির্ধারিত স্থানে টেস্ট রাইডের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া প্রদর্শনী উপলক্ষে আরএক্সের স্কুটার কেনায় ৫ হাজার টাকা এবং ডেলিভারি ও রাইড শেয়ারিং পার্টনারদের জন্য ১০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগও।
অন্যদিকে, ডংফেংয়ের ইএম২৬ বা ইএম২৭ মডেলের গাড়ি প্রি-বুকিং করলে ইনস্টলেশনসহ ৭ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার একটি এসি ইভি চার্জার বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।