বাজার আসার পরই আলোচনায় স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন। তবে উচ্চ দামের কারণে অনেক গ্রাহকই কিনতে পারছেন না এই ফোন। তাইতো সব ধরনের গ্রাহকের কথা বিবেচনায় নিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমন ফোল্ডেবল স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের গ্যালাক্সি জেড ফ্লিপ ও গ্যালাক্সি জেড ফোল্ড দুটি সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে দুটি সিরিজের দাম শুরু ১ হাজার ডলার থেকে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আরও ১ লাখ ১০ হাজার টাকা। এই দামে সবার পক্ষে কেনা সম্ভব না। তাই বড় পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্যামসাং কম বাজেটের ফোল্ডেবল ফোন তৈরি নিয়ে কাজ করছে।
প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানায়, কম বাজেটের ডিভাইস বাজারে এনে ফোল্ডেবল স্মার্টফোনের দাম কমানোর চেষ্টা করছে স্যামসাং। আগামী বছরই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমন দামের স্মার্টফোন বাজারে আনবে কোম্পানিটি।
এদিকে স্যামসাং এই ধরনের ফোনের দাম কত রাখবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এসব ফোনের দাম ৪০০ থেকে ৫০০ ডলার হতে পারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৪ হাজার থেকে ৫৫ হাজার টাকা পড়তে পারে।
চীনের বিভিন্ন ব্র্যান্ড ফোল্ডেবল ফোন তৈরি করায় ইতিমধ্যে দাম কমতে শুরু করেছে। ২০২৩ সালে ফোল্ডেবল স্মার্টফোনের সর্বনিম্ন দাম ৩ হাজার ৬৫৯ ইউয়ানে নেমে এসেছিল। ২০২৪ সালে আরও ব্র্যান্ড কম দামের ফোল্ডেবল ফোন বাজারে আনতে পারে।