একটি আইফোনের স্বপ্ন অনেকেরই। অ্যাপলের এই প্রিমিয়াম স্মার্টফোনটি কেনা নিয়ে প্রচলিত আছে অনেক কাহিনী। দীর্ঘদিন টাকা জমিয়ে আইফোন কিনেছেন, কিংবা বিদেশে থাকা বন্ধু বা নিকটাত্মীয়ের কাছে আইফোনের বায়না করেছেন, এমন লোকের সংখ্যাটা একেবারে কম হবে না। তবে অত্যধিক দামের কারণে অনেকেরই আইফোনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
তবে ভারতের বাজারে আইফোনপ্রেমীদের জন্য আছে সুখবর। সম্প্রতি অ্যাপল জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস অ্যামাজনের মাধ্যমে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলটিতে আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছে। আইফোনের সাম্প্রতিক এই ভার্সনটি ৫ শতাংশ ছাড়ে বর্তমানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ১,৫১,৭০০ ভারতীয় রুপিতে (বাংলাদেশি টাকায় আনুমানিক ২,১২,৮৭০)। ফোনটির আগের মূল্য ছিল ১,৫৯,৯০০ রুপি।
অ্যাপলের এই মূল্যছাড়ের পেছনে অনেকেই কারণ হিসেবে দেখছেন আসছে সেপ্টেম্বরে আইফোন ১৬-এর উন্মোচনকে। আইফোন ১৬ বাজারে আসার আগে অ্যাপল স্বাভাবিকভাবেই চাইবে তাদের ইনভেন্টরি থেকে আইফোন ১৫ সিরিজের ফোন যত বেশি বিক্রি করা যায়।
আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনটিতে রয়েছে শক্তিশালী এ১৭ প্রো চিপ, ৬.৭-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৫এক্স টেলিফটো ক্যামেরাসহ কাস্টমাইজেবল অ্যাকশন বাটন।
এর আগে গত মাসে ভারতের আরেক জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্টেও অ্যাপল আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছে। আইফোন ১৪ প্লাস মডেলটির বেইজ ভার্সনটি (১২৮ জিবি স্টোরেজ) মাত্র ৫৬,৯৯৯ ভারতীয় রুপিতে পাওয়া গেছে (বাংলাদেশি টাকায় প্রায় ৭৮,৫৮০ টাকা) ফ্লিপকার্টে। তবে অফারটি মাত্র ২৪ ঘণ্টার জন্য অ্যাক্টিভ ছিল।
উল্লেখ্য, চলতি বছরে অ্যাপল চায়নার বাজারে ২বার আইফোনের দাম কমিয়েছে। চায়নার স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে অ্যাপল নির্দিষ্ট কয়েকটি মডেলে ৩১৮ মার্কিন ডলার পর্যন্ত মূল্যছাড় দিয়েছে।
অ্যাপলের চিরাচরিত মার্কেটিং কৌশলে এত বেশি মূল্যছাড় কমই দেখা যায়। এর পেছনে কারণ কি শুধুই ইনভেন্টরি খালি করা, নাকি হুয়াওয়ের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর সাথে পাল্লা দিতে কিছুটা বাধ্য হয়েই এই কৌশল অনুসরণ করছে মার্কিন এই টেক জায়ান্ট।
তথ্যসূত্রঃ দ্য হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: