নতুন একটি পণ্য উন্মোচন করেছে অ্যাপল। আর তা নিয়েই সামাজিক মাধ্যমজুড়ে চলছে সমালোচনার ঝড়। প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘আইফোন পকেট’ নামের একটি নিটেড স্ট্র্যাপ।
মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাপল জানায়, জাপানি ফ্যাশন ব্র্যান্ড ইস্সে মিয়াকের সহযোগিতায় তৈরি পণ্যটি আইফোন ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। যেকোনো আইফোন বহনের উপযোগী করে বানানো পকেটটি আগামী শুক্রবার থেকে পাওয়া যাবে। পণ্যটি বিভিন্ন রঙ আর সংস্করণে মিলবে।
অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ভাইস প্রেসিডেন্ট মলি অ্যান্ডারসন বলেন, ‘অ্যাপল ও ইস্সে মিয়াকে, দুই ব্র্যান্ডই সহজ নকশার বিষয়ে গুরুত্ব দেয়। আর এই কারণে সবাই পছন্দ করে। এই পকেট সেই ভাবনারই পরিপূরক।’ তিনি আরও জানান, ‘পণ্যের নকশা ও রঙ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে যেকোনো আইফোন মডেলের সঙ্গে এটি মানানসই হয়।’
তবে দাম ঘোষণার পরই ব্যবহারকারীদের মধ্যে নড়া-চড়া পড়ে গেছে। ছোট স্ট্র্যাপের দাম ১৪৯.৯৫ ডলার, আর লম্বা সংস্করণের দাম ২২৯.৯৫ ডলার। এই মূল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও চলছে।
একজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) লিখেছেন, ‘২৩০ ডলারে কাটা মোজা! শুধু অ্যাপল হলেই মানুষ সবকিছু কিনে ফেলতে পারে।’ কেউ কেউ আবার এটি সাচা ব্যারন কোহেনের চরিত্র বরাতের নিয়ন-সবুজ ম্যানকিনির সঙ্গে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী বরাতের পোশাকের ছবির পাশে লাইম–গ্রিন আইফোন পকেটের ছবি দিয়ে লিখেছেন, ‘একই বিষয়।’
টেক বিশ্লেষক এমজি সিগলার তার স্পাইগ্লাস নিউজলেটারে পণ্যটিকে ‘অত্যধিক দামি মোজা’ বলে মন্তব্য করলেও ধারণাটিকে পুরোপুরি উড়িয়ে দেননি। তার মতে, ইস্সে মিয়াকে, যিনি ২০২২ সালে মারা যান। তিনি ছিলেন স্টিভ জবসের প্রিয় ডিজাইনারদের একজন।
সিগলার লিখেছেন, এই পণ্যটি আইফোনকে আরও বেশি পরিধানযোগ্য ডিভাইস হিসেবে ব্যবহারের চল বাড়াচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আগের দৌড়বিদদের জন্য ব্যবহৃত আর্মব্যান্ড এখন পরিণত হয়েছে দৈনন্দিন জীবনের স্ট্র্যাপে। এর আগে এ বছর অ্যাপল আইফোন ক্রসবডি স্ট্র্যাপ বাজারে আনে। যার দাম ৫৯ ডলার।