মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তবে তাৎক্ষণিকভাবে সেবা বিঘ্নিত হওয়ার কোনো কারণ জানা যায়নি।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যার মুখে পড়েন। ব্যবহারকারীদের অভিযোগ, মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা যাচ্ছে না।
ব্যবহারকারীরা জানান, ওয়েবসাইট কিংবা স্মার্টফোন– কোনো মাধ্যম থেকেই ফেসবুকের মালিকানাধীন এই সেবাগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। ফলে হঠাৎ করে সেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকে।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। অটো লগআউট সমস্যার মুখেও পড়ছেন কেউ কেউ। যদিও ফেসবুক ডাউন হওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ১ ঘণ্টারও বেশি সময় পর অনেকের এই সমস্যা সমাধানের খবর পাওয়া গেছে। তবে কিছু ব্যবহারকারী এখনো ফেসবুক ও মেসেঞ্জারে ঢুকতে না পারার কথা জানিয়েছেন।