এশিয়া কাপে ফাইনালে ওঠা হয়নি তাদের, শ্রীলঙ্কার কাছে কাল ২ উইকেটে হেরে সুপার ফোরেই শেষ হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্ট পেছনে ফেলে এখন পুরো মনোযোগ নিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে ঝাঁপাচ্ছে পাকিস্তান।
তার শুরুতেই বুঝি একটা সংশয় থাকছে। সংশয়টা নাসিম শাহকে নিয়ে। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ডান কাঁধে পাওয়া চোটে টুর্নামেন্টটা থেকেই ছিটকে গেছেন পাকিস্তানের ২০ বছর বয়সী ফাস্ট বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল খেলা হয়নি তাঁর। কিন্তু কাল শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা ইঙ্গিত, বিশ্বকাপের শুরুর দিকেও নাসিমকে না-ও পেতে পারে পাকিস্তান!
নাসিমের পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের কারণে আর বোলিং শেষ করতে পারেননি পাকিস্তানের আরেক ফাস্ট বোলার হারিস রউফও। তবে তাঁকে এশিয়া কাপ থেকে তখন বাদ দেয়নি পাকিস্তান, তাতেই বোঝা গেছে, হারিসের চোটটা অত গুরুতর নয়।
কাল ম্যাচের পর নাসিম ও হারিসের চোট এবং তাঁরা দুজন না থাকলে পাকিস্তানের ভাবনা কী হতো – এ নিয়ে প্রশ্নে বাবর বললেন, ‘সেটা (পরিকল্পনা) আপনাদের পরে বলব। এই মুহূর্তে তো আর প্ল্যান বি জানিয়ে দেব না আপনাদের! তবে হ্যাঁ, হারিস রউফের অবস্থা অতটা খারাপ নয়। ওর কিছুটা সাইড স্ট্রেইন আছে, তবে ও বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবে।’
আর নাসিম শাহ? বাবরের কণ্ঠে সংশয়, ‘নাসিম শাহও... জানি না ওর সেরে ওঠার প্রক্রিয়া কতটা লম্বা হবে। তবে আমার মনে হচ্ছে, নাসিম শাহও বিশ্বকাপের পরের দিকে থাকতে পারবে। দেখা যাক।’
নাসিমের চোট কতটা গুরুতর কিংবা এ থেকে সেরে উঠতে তাঁর কতদিন লাগবে এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কিছু জানায়নি। ক্রিকইনফো জানাচ্ছে, এই মুহূর্তে দুবাইয়ে আছেন নাসিম, সেখানে স্ক্যান চলছে তাঁর।
বয়স মাত্র ২০ নাসিমের, মাত্র বছর চারেকের আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর, কিন্তু এর মধ্যেই ক্যারিয়ারটা যেন চোটে জর্জরিত। আন্তর্জাতিক অভিষেকের এক বছরের মাথায়, ১৭ বছর বয়সে পেসারদের আতঙ্ক পিঠের চোট পেয়ে বসেছিল নাসিমকে। ১৪ মাস মাঠের বাইরে ছিলেন। সেই চোট থেকে ফেরার ছয় সপ্তাহ পর আবার কাঁধের চোটে মাসখানেক থাকলেন মাঠের বাইরে।
এরপর ১৮ মাসে অবশ্য তিন সংস্করণের ক্রিকেটেই পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেছেন নাসিম, পাকিস্তানের অন্যতম বড় ভরসাও হয়ে উঠেছেন। এখন আবার হানা দিল কাঁধের চোট, ঠিক বিশ্বকাপের আগে!