ফেবারিট হিসেবে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে দলটি, বাংলাদেশ ও নেপাল ছাড়া বাকিদের হারাতে পারেনি। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে তারা। সাবেক অধিনায়ক মঈন খানের ধারণা, দলের মধ্যে কোন্দল চলছে এবং এ কারণে, খেলোয়াড়দের মধ্যে ভয়ের ছাপ দেখতে পাচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে না পাকিস্তানের। এশিয়া কাপে ভরাডুবির পর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড নাজেহাল করেছে তাদের। প্রথমে ব্যাট করে ৩৪৫ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ড সে রান তাড়া করেছে ৩৮ বল হাতে রেখে।
এর মধ্যেই দলে কোন্দলের খবর ছড়িয়েছে। অধিনায়ক বাবর আজম ও মূল পেসার শাহিন শাহ আফ্রিদির মধ্যে নাকি ঝামেলা হচ্ছে। এ ব্যাপারে বাবরকে অবস্থান প্রকাশ করতে হয়েছে। পাকিস্তান অধিনায়ক স্বীকার করেছেন, মতের অমিল হলেও তর্কাতর্কি হয়নি কোনো।
কিন্তু মঈন খানের ধারণা, দলে অস্বস্তিকর পরিবেশ ঠিকই আছে। ক্রিকেট পাকিস্তানের সঙ্গে কথোপকথনে সাবেক অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড়দের বিচ্ছিন্ন মনে হয়েছে, বাবরকে পরামর্শ দিতেও দ্বিধান্বিত মনে হচ্ছে ওদের। সেটা রিজওয়ান হোক, শাদাব বা শাহিন হোক। দলের মধ্যে সম্পর্ক ভালো না, এটা স্পষ্ট। কোনো আলোচনা নেই, আর কেউ পরামর্শ দিলে এবং বাবর সেটা মেনে নিলেও তা কাজ করছে না।’
মঈন খানের ধারণা এই কারণেই ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের ভীত মনে হয়েছে, ‘ভারতের বিপক্ষে খেলোয়াড়রা ভীত ছিল। ওরা ভয় পাচ্ছিল যে ওদের পরামর্শ কাজ করবে না…এটাই ভয়ের কারণ। ক্রিকেটার হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এবং নিজের শতভাগ দিতে হবে। ভুল পরামর্শ দিলে ক্ষতি নেই, হতেই পারে। কিন্তু আপনার শরীরী ভাষা বলে দেয় আপনি জত্তে চান কিনা, আমি ওদের মধ্যে এটা দেখিনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে কোনো ঝামেলা আছে। পেশাদার পরিবেশে চিন্তার পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনাকে ভালো করতে হলে সেটা ভুলে যেতে হবে।’