আনসাং হিরো

মাশরাফি বিন মুর্তজাই তো বলে দিয়েছেন, মিরাজ এই দলের ‘আনসাং হিরো।’ দলের যেখানে প্রয়োজন, সেখানেই মেহেদি হাসান মিরাজ! সাড়ে ছয় বছরের ওয়ানডে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই বলতে গেলে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, তবে দলের প্রয়োজনে ইদানিং ওপেনিংয়েও নামছেন। আন্তর্জাতিক ওয়ানডেতে কখনো তিন-চারে খেলা না হলেও বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে এই দুই পজিশনেও নেমেছেন!

একদিক থেকে দেখলে অবশ্য ক্যারিয়ারের শুরুর প্রতিশ্রুতিকেই পূর্ণতা দিচ্ছেন মিরাজ। অফ স্পিনার, যিনি ভালো ব্যাটিংও পারেন – এটাই তো ছিল ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে তোলার সময়টাতে মিরাজের পরিচয়!

ছোট্ট লাফের পর সহজ অ্যাকশনের অফ স্পিন একেবারে বিধ্বংসী না হলেও কার্যকরী। ব্যাটিংয়ে মিরাজ চার-ছক্কায় ঝড় হয়তো তোলেন না, তবে ক্রিজে ‘বিজি’ থাকেন সারাক্ষণ। বরিশালে জন্ম নিলেও খুলনায় বেড়ে ওঠা মিরাজের চরিত্রের সঙ্গেও হয়তো মিল পাবেন এখানে। নেতৃত্বগুণের পরিচয় তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক থাকার দিনগুলোতেই দিয়েছেন, মাঠে মিরাজের প্রাণবন্ত উপস্থিতিও তাঁকে ভবিষ্যতের বাংলাদেশের অধিনায়ক ভাবতে বাধ্য করে। হয়তো সে পথে যাত্রার শুরু হবে ২০২৩ বিশ্বকাপেই!

 

ভূমিকা: অফ স্পিনিং অলরাউন্ডার

ম্যাচ: ৮২      

ইনিংস: ৫৫

রান: ১০৪৬

গড়: ২৩.২৪

স্ট্রাইক রেইট: ৭৮.০০

সর্বোচ্চ: ১১২*

১০০/৫০: ২/২ 

উইকেট: ৯১

ইকোনমি: ৪.৭৩

 

বিশ্বকাপে পারফরম্যান্স

ম্যাচ: ৭

রান: ৩৭       

সর্বোচ্চ: ১২

গড়: ১২.৩৩

স্ট্রাইক রেইট: ১১২.১২  

১০০/৫০: ০/০ 

উইকেট: ৬

সেরা: ২/৪৭