একসময় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তিন-চারে নামবেন, ইনিংসের গতি ঠিক করে দেবেন। বগুড়ার ছেলে মুশফিককে যে টেকনিকের দিক থেকে দেশসেরাই মানেন সবাই। এখনো তিনি ডিপেন্ডেবলই, তবে যুগের প্রয়োজনে মুশফিকের ভূমিকা এখন বদলে গেছে। এখন দলের ব্যাটিং অর্ডারে তাঁর জায়গা ছয় নম্বরে। নামবেন, দেখবেন, আর মারবেন!
বাংলাদেশ দলে সবচেয়ে পরিশ্রমী যদি খুঁজে বের করতে বলা হয়, মুশফিকের নামই আসবে বারবার। পরিশ্রম করে নতুন ভূমিকায় মুশফিক মানিয়েও নিয়েছেন। মানিয়ে নেয়া মানে কী? দুর্দান্ত ছন্দে আছেন মুশফিক! ২০১৬ সালের পর এ বছরের মার্চ থেকেই আবার ছয় নম্বরে খেলেছেন, সেখানে ৯ ইনিংসে ৩টি ফিফটি, ১টা সেঞ্চুরি! গড় ৬১.৮৫, স্ট্রাইক রেইট ৯৯.৫৪! ভাবা যায়, ছয় নম্বরে নিয়মিত হওয়ার ঠিক আগে মুশফিক বাদ পড়ারই দ্বারপ্রান্তে ছিলেন!
খাদের কিনারা থেকে ফেরা মুশফিক হার্ডহিটার, আর ডিপেন্ডেবল তো সব সময়ই! অবশ্য উইকেটকিপিংয়ে মুশফিক কতটা কী করতে পারেন, সেটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একটা বড় শঙ্কার ব্যাপার। বড় টুর্নামেন্টে ব্যবধান গড়া মুহুর্তগুলোতে যে কিপিং গ্লাভস হাতে মুশফিকের ভুলগুলো বড্ড চোখে পড়ে।
ভূমিকা: স্পেশালিস্ট ব্যাটসম্যান ও উইকেটকিপার
ম্যাচ: ২৫৬
ইনিংস: ২৩৯
রান: ৭৪০৬
গড়: ৩৭.০৩
স্ট্রাইক রেইট: ৭৯.৬২
সর্বোচ্চ: ১৪৪
১০০/৫০: ৯/৪৬
বিশ্বকাপে পারফরম্যান্স
ম্যাচ: ২৯
রান: ৮৭৭
সর্বোচ্চ: ১০২*
গড়: ৩৮.১৩
স্ট্রাইক রেইট: ৭৯.৪৩
১০০/৫০: ১/৬