এক যুগ ধরে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের স্বাদ পাচ্ছে না পাকিস্তান। এ অপেক্ষা আরও বাড়বে, যদি আজকে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে না হারাতে পারেন বাবর-রিজওয়ানরা। সে ম্যাচ শুরুর আগেই একটা ‘বাজে’ সংবাদ পেয়েছে পাকিস্তান। প্রতিপক্ষের সবচেয়ে ভালো ব্যাটসম্যান চোট সারিয়ে আজকেই ফিরছেন, বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার আগে পাকিস্তানের জন্য এর চেয়ে ‘বাজে’ সংবাদ আর কী হতে পারে?
উইলিয়ামসন ফিরে আসায় কপাল পুড়েছে ওপেনার উইল ইয়ংয়ের। যদিও মাঠের বাইরের ‘লড়াই’য়ে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনকে হারিয়েছেন বাবর আজম। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান তুলেছে নিউজিল্যান্ড। হাসান আলির বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৩৯ বলে ৩৫ করা ডেভন কনওয়ে। উইকেটে আছেন রাচিন রবীন্দ্র (২৬ বলে ২৯) ও কেইন উইলিয়ামসন (৬ বলে ৯)।
বদল এসেছে পাকিস্তান দলেও। লেগ স্পিনার উসামা মীরের জায়গায় খেলছেন হাসান আলি। আরেক স্পিনার মোহাম্মদ নাওয়াজের জায়গায় খেলছেন ব্যাটসম্যান সালমান আলি আগা। তাই কোনো বিশেষজ্ঞ স্পিনার নয়, বরং চার পেসারের ওপর ভরসা করেই মাঠে নেমেছে পাকিস্তান। স্পিনের দরকার হলে বল করছেন পার্টটাইমার ইফতিখার আহমেদ।