পাকিস্তানি রীতি মেনে 'কাওয়ালি নাইটে' শুরু বিয়ের উৎসব

বিশ্বকাপ শেষ, এরপর যেন বিয়ের ধুম পড়েছে পাকিস্তানের ক্রিকেটে।  বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক বিয়ে করছেন মহা ধুমধামে। বিয়ে ২৫ নভেম্বর, তবে এর আগের অনুষ্ঠানাদি শুরু হয়ে গেছে আজ থেকেই।  

এর তুলনায় একটু নিভৃতেই হচ্ছে ফাহিম আশরাফের পেসার-অলরাউন্ডার ফাহিম আশরাফের বিয়ে।  তাঁর বিয়েও একই দিনে। ইমাম ও ফাহিম দুজনের ওয়ালিমাও একই দিনে - ২৬ নভেম্বর। 

তবে ফাহিম আশরাফের বিয়ে যেখানে হচ্ছে মূলত তাঁর পরিবার ও কাছের মানুষের উপস্থিতিতে, ইমামের বিয়ে হয়ে উঠেছে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলা। স্বাভাবিকভাবেই, সংবাদের শিরোনামেও তাই বেশি জায়গা পাচ্ছে পাকিস্তান কিংবদন্তি ইনজামাম-উল-হকের ভাতিজা ইমামের বিয়ের খবরাখবর। 

এই যেমন, তেমনই এক খবর হলো - আজ ইমামের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে, আর তার আগে গতকাল অনুষ্ঠানাদির শুরু হয়ে গেছে। গতকাল পাকিস্তানের রীতি মেনে কাওয়ালি গানের আয়োজন রাখা হয়েছিল। গতকালের এই 'কাওয়ালি নাইট' আয়োজনের খবরটা জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম পাক অবজারভার।  

অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মিলনমেলা বসানোর কথা তো আগেই বলা হলো। গতকাল কাওয়ালি নাইটে যেমন, উপস্থিত ছিলেন বাবর আজম, সরফরাজ আহমেদের মতো ক্রিকেটার ও দিন কয়েক আগে পাকিস্তান দলের প্রধান নির্বাচক পদে নিয়োগ পাওয়া ওয়াহাব রিয়াজ।