বাংলাদেশের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা গত কয়েক বছরের নিয়মিত বিষয়। অভিযোগ, ঘরের মাঠে পছন্দমত স্পিনবান্ধব উইকেট বানিয়ে ম্যাচ জেতে বলেই প্রতিপক্ষের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে আইসিসির টুর্নামেন্টে সাফল্য পায় না বাংলাদেশ।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর সে অভিযোগ তোলার উপায় নেই। সিরিজের প্রথম টেস্টে হারার কারণ হিসেবে উইকেটকে দায়ী করতে নারাজ নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ২০ উইকেটের ১৮টিই বাগিয়ে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। ম্যাচের সময় যত গড়িয়েছে, উইকেট তত বেশি রুক্ষ হয়েছে। এতে স্পিনাররা বাড়তি টার্ন পেয়েছেন। তবে উইকেটের এমন বৈচিত্রময় আচরণ প্রত্যাশিতই ছিল সাউদির কাছে।
ম্যাচ শেষে কিউই অধিনায়ক বলেছেন, ’এটা (ম্যাচের ফলাফল) হতাশাজনক। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে। এ ধরনের কন্ডিশনে তারা শক্ত প্রতিপক্ষ। আমাদের বোলারদের আরও বেশি চাপ তৈরি করতে হত, ব্যাটসম্যানদের দীর্ঘসময় উইকেটে থেকে পার্টনারশিপ বড় করার দরকার ছিল।’
এরপরই সিলেটের উইকেট নিয়ে মন্তব্য করেছেন সাউদি, ‘উইকেট খুব ভালো ছিল। স্পিন ছিল, কিন্তু উপমহাদেশের কন্ডিশনে এটা প্রত্যাশিত।
আগামী ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। মিরপুরের উইকেট সিলেটের চেয়ে ভিন্ন। তবে সে অনুযায়ী প্রস্তুতি নিবে সফরকারীরা।
সাউদি বলেন, ‘ঢাকার উইকেট সম্পূর্ণ ভিন্ন হবে। পর্যাপ্ত প্রস্তুতি নিতে আমাদের হাতে কয়েকদিন সময় আছে। আমাদের কিছু বিষয়ে কাজ করতে হবে। সবাই নিজেদের খেলা ভালো করার চেষ্টা করছে। আমি প্রত্যেকের কাছে এটাই চাই। কাইল (জেমিসন) এবং ইশ (সোধি) ভালো করেছে। (জিততে হলে) সবাইকেই ভালো করতে হবে।’