প্রথম দফায় বাংলাদেশের কোচ হয়ে ঘরের মাঠের উইকেটগুলোকে ভয়ংকর স্পিনসহায়ক বানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে জয় পেলেও বাংলাদেশের পেস আক্রমণ একদম ভোঁতা হয়ে উঠেছিল।
রাসেল ডমিঙ্গোর অধীনে এর থেকে বের হয়ে এসেছিল। এবং এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মতো কীর্তি যোগ হয়েছে। কিন্তু হাথুরুসিংহে ফিরে আসার পর আবার পুরোনো পথে হেঁটেছে বাংলাদেশ।
সিলেটের উইকেট একটু ধীরগতির ছিল, সে উইকেটে দারুণ খেলে জিতেছে বাংলাদেশ। তবু মিরপুরে ভয়ংকর এক উইকেট বানিয়েছে বাংলাদেশ। প্রথম সেশন থেকে বাঁক নিচ্ছিল বল। এমন উইকেটেও হেরে বসেছে বাংলাদেশ। এখন আইসিসির শাস্তিও মিলছে।
মিরপুরের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি। আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট মানসম্পন্ন না হওয়ায় এক ডিমেরিট পয়েন্টও পাচ্ছে।
ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে মিরপুরের কিউরেটরের জন্য ভালো কিছু লেখা নেই, ‘আউটফিল্ড ভালো ছিল এবং বৃষ্টিতেও কিছু হয়নি। কিন্তু উইকেট ঠিকমতো প্রস্তুত করা হয়নি, উইকেট শক্ত ছিল না এবং প্রথম দিন ওতে ঘাস ছিটিয়ে দেওয়া হয়েছিল। প্রথম সেশন থেকে পুরো ম্যাচে উইকেটের বাউন্স অনিয়মিত ছিল। কিছু কিছু বল অনেক দ্রুত ছুটেছে। স্পিন বোলারের বল সামনে ঝুঁকে খেলার সময় মাঝে মাঝে ব্যাটসম্যানের কাঁধে উঠে গেছে আবার কখনো খুব নিচ দিয়ে গেছে।’
একটা ভেন্যু যদি ছয় ডিমেরিট পয়েন্ট পায়, তবে ওই মাঠে ১২ মাস কোনো ম্যাচ আয়োজন করা যায় না। পাঁচ বছর সময়ের মধ্যে ছয় ডিমেরিট পয়েন্ট জমলেই এমন শাস্তি জোটে। আগামী মার্চ-এপ্রিলে ঘরের মাঠে চারটি টেস্ট খেলবে বাংলাদেশ।