ফিলিস্তিনে হামলা নিয়ে আইসিসির মুখ কালো করে দিলেন খাজা

খুব নিরীহ দুটি বার্তা। নিজের কেডসে 'সব প্রাণ সমান' ও 'স্বাধীনতা সকল মানুষের অধিকার' নামের দুটি বার্তা লিখে নেমেছিলেন অনুশীলনে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার এমন বার্তা পছন্দ হয়নি আইসিসির। আজ পাকিস্তানের বিপক্ষে সে জুতা পরে নামতে নিষেধ করে দেয় খাজাকে।

সে সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তবে গতকাল এ নিয়ে দু-কথা শোনাতে ভোলেননি মুসলিম ক্রিকেটার। গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার ব্যাপারে এমন নিরীহ বার্তায় যারা সমস্যা খুঁজে পান, তাঁরা আসলেই মানবাধিকারে বিশ্বাস করেন কি না, এ প্রশ্ন তুলেছেন খাজা। সেখানেই থামেননি, আজ পার্থে বাঁহাতে কালো বাহুবন্ধনী পরে নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে এ যেন খাজার নীরব প্রতিবাদ।

আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তির পর নিজের জুতার ওপর লেখাগুলোর ওপর টেপ লাগিয়ে নেমেছেন খাজা। ম্যাচ শুরু হওয়ার আগে একটি টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় খালি পায়েই নেমেছিলেন খাজা। পরে যখন মাঠে নামছেন, তখন ক্যামেরা তাঁর জুতার দিকেই নজর রাখছিল। বার্তা দুটি আড়াল করতে টেপ ব্যবহার করেছেন। আইসিসির চোখে যা রাজনৈতিক বার্তা বলে মনে হয়েছে।  

খাজা তাই কালো বাহুবন্ধনী পরে নেমেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, ফিলিস্তিনের মানুষের সাথেই আছেন, এটা জানাতেই এই বাহুবন্ধনী খাজার। প্রায় আড়াই মাস ধরে চলা ইসরায়েল-হামাস সংঘাতে প্রায় ১৯ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতে এরপর ফিলিস্তিনিরাই বেশি প্রাণ হারিয়েছেন। হতাহতের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

গতকাল আইসিসির সিদ্ধান্তের দ্বিচারিতার কথা বলতে গিয়ে খাজা নিজের দুই মেয়ের কথা টেনে এনেছেন, 'এই ব্যাপারটা আমার মনে কষ্ট দেয়। যখন দেখি হাজারো নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, অথচ এর কোনো বিচার নেই, কারও অনুশোচনা নেই এ নিয়ে। আমার কল্পনায় তখন আমার দুই মেয়ের মুখ ভেসে ওঠে। ওই শিশুদের জায়গায় ওরা দুজনও তো থাকতে পারত!'

তাই  আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খাজা, 'আইসিসি আমাকে জানিয়েছে যে, আমি ওই জুতো পরে মাঠে নামতে পারব না, কারণ তাঁদের নীতিমালা অনুযায়ী ওটা রাজনৈতিক বক্তব্য। আমার কাছে এটাকে রাজনৈতিক বক্তব্য মনে হচ্ছে না। এটা একটা মানবিক আবেদন ছিল। আমি তাদের মতামত ও সিদ্ধান্তকে সম্মান জানাব, কিন্তু আমি লড়াই চালিয়ে যাব, এটার (এই জুতো পরে মাঠে নামার) অনুমতি আদায়ের চেষ্টা করে যাব। স্বাধীনতা সকল মানুষের অধিকার।'

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, নিজেদের বিশ্বাস নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারায় তাঁর সতীর্থদের নিয়ে গর্বিত তিনি।

এদিকে পার্থে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২০০ রান তুলেছে। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি পেয়ে গেছেন। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে খাজা (৪১) ওপেনিং জুটিতে ১২৬ রান এনে দিয়েছেন।