জিম্বাবুয়েকে আবার বাংলাদেশের ‘সমানে-সমান’ করে তোলা কোচ চাকরি ছাড়লেন

তাঁর অধীনে জিম্বাবুয়ে জেগে ওঠার গান শুনিয়েছে। বেশ দাপট নিয়ে ফিরেও এসেছিল। পারফরম্যান্সই সে কথা বলে।  

গত বছরের জুনের মাঝামাঝিতে দায়িত্ব নিয়েছিলেন ডেভ হটন, এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে ওঠে জিম্বাবুয়ে। খেলোয়াড়েরাই তখন বলেছিলেন, হটনের কোচিং ধরনে পাওয়া স্বাধীনতা তাঁদের জ্বলে উঠতে সাহায্য করছে।

সে তো গেল বিশ্বকাপের কথা, এর বাইরে হটনের দেড় বছরে টেস্ট মাত্র দুটি খেলেছে জিম্বাবুয়ে – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই দুই টেস্টের একটিতে ইনিংস ব্যবধানে হারলেও অন্যটিতে ড্র করেছে জিম্বাবুয়ে। ওয়ানডেতে ২৫ ম্যাচে ১১ জয়, এর মধ্যে একটি তো অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ারই মাটিতে। তা-ও কী! ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, স্টার্ক – সবাই খেলেছিলেন সে ম্যাচে। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ আর টি-টোয়েন্টিতে পাকিস্তানকেও হারিয়েছে জিম্বাবুয়ে। 

আর প্রসঙ্গ যখন বাংলাদেশ, সেখানেও জিম্বাবুয়ে ছিল সমানে-সমান। বরং এগিয়েই ছিল বলা চলে! ওয়ানডেতে তিন ম্যাচের দুটিতে জিতেছে জিম্বাবুয়ে, টি-টোয়েন্টিতে চার ম্যাচে দুই জয়। 

সব মিলিয়ে মনে হচ্ছিল, ডেভ হটনই বুঝি জিম্বাবুয়েকে আবার ক্রিকেটে পুরোনো রূপে ফেরাবেন। কিন্তু জিম্বাবুইয়ানদের সে স্বপ্ন দেড় বছরের মাথায়ই ধাক্কা খেল। আজ জিম্বাবুয়ের কোচের পদ ত্যাগ করেছেন হটন। 

ক্রিকইনফো জানাচ্ছে, হটনের পদত্যাগের কারণ গত কয়েক মাসের ব্যর্থতা আর দলের ওপর নিজের প্রভাব নিয়ে হটনের সংশয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পায়নি। আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব থেকে জিম্বাবুয়েকে দর্শক বানিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে নামিবিয়া ও উগান্ডা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে গেছে জিম্বাবুয়ে। এরপর ক্রিকইনফোতে হটন বলেছিলেন, তাঁর মনে হচ্ছে, তাঁর আওয়াজ খেলোয়াড়দের জাগাতে পারছে না। 

আজ বোর্ড মিটিংয়ের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন হটন, জিম্বাবুয়ে বোর্ড (জেডসি) সেটা গ্রহণও করেছে। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের দায়িত্ব সামলাতে আপৎকালীন কোচিং স্টাফ নিয়োগ দেবে জেডসি। 

হটন অবশ্য জিম্বাবুয়ে দল ছাড়লেও জিম্বাবুয়ে বোর্ড ছাড়ছেন না। ক্রিকইনফো জানাচ্ছে, হটনকে ভিন্ন কোনো দায়িত্ব দিয়ে বোর্ডে রেখে দেবে জেডসি।