পাকিস্তান তারকার অভিযোগ, ডিসি ক্ষমতা দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন তাঁর পরিবারকে

তাঁর পরিবার মাঠে এসেছিল তাঁর খেলা দেখতে। কিন্তু মুলতানের ডেপুটি কমিশনার (ডিসি) ক্ষমতার দাপট দেখিয়ে তাঁদের আসন থেকে উঠিয়ে দেন, এক পর্যায়ে মাঠ থেকে বেরও করে দেন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এমনই অভিযোগ তুলেছেন মুলতানের ডিসি ক্যাপ্টেন (অব.) রিজওয়ান কাদিরের বিরুদ্ধে। এ নিয়ে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরিফের কাছে বিচারও দিয়েছেন আমির।

মুলতানে গত রোববার পিএসএলের ম্যাচে আমিরের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের। সে সময়ই এই ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন আমির।

‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য আচরণ দেখে অবাক হয়ে গেলাম। তিনি আমার পরিবারের সঙ্গে বাজে আচরণ করেছেন, মাঠের মালিকানা তাঁর বলে ঔদ্ধত্যপূর্ণ দাবি করেছেন এবং অন্যায়ভাবে তাঁদের (আমিরের পরিবারের সদস্য) ম্যাচের মধ্যেই মাঠ থেকে বের করে দিয়েছেন’ - এক্স পোস্টে লিখেছেন আমির। 

একজন আমলার এই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাঁর উর্ধ্বতনের কাছে বিচারও দিয়েছেন আমির। এক্স-এ ওই পোস্টেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, ‘ক্ষমতার এমন অপব্যবহার মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। মারিয়াম নওয়াজ শরিফ, আশা করি আপনি ব্যবস্থা নেবেন।’

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল ‘পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমকে’ সূত্র হিসেবে জানিয়ে লিখেছে, শুধু আমিরের পরিবারই নয়, পাকিস্তানের সাবেক উইকেটকিপার মঈন খান ও সাবেক ব্যাটসম্যান উমর আমিনের পরিবারের সদস্যদের সঙ্গেও বাজে আচরণ করেছেন মুলতানের ডিসি।

অবশ্য আমিরের অভিযোগে কাজ হয়েছে। আজ আমির এক্স-এ নতুন পোস্টে মূখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, মূখ্যমন্ত্রী তাঁকে ফোন করে কথা বলেছেন, এবং ডিসি নিজেই সব 'ভুল বোঝাবুঝি'র ব্যাখ্যা দিয়েছেন।  

ম্যাচে আমির ৪ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, তাঁর দল কোয়েটা ২০ রানে হেরে গেছে মুলতানের কাছে।