তিন বছরের মেয়াদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর পাঞ্জাবের ভারপ্রাপ্ত মূখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন মহসিন নাকভি। কদিন ছুটি কাটিয়ে এখন পিসিবির চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। তবে চেয়ারে বসার আগেই মহসিন নাকভির মাথায় চলছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চাপ।
আপৎকালীন দায়িত্ব থেকে মোহাম্মদ হাফিজকে মুক্তি দেওয়ার পর থেকে পাকিস্তান জাতীয় দলের কোচ এখনো ঠিক হয়নি। ভারতের মাটিতে বিশ্বকাপের পর বাবর আজম তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর টেস্ট আর টি-টোয়েন্টিতে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পিসিবি, তবে এখনো ওয়ানডে অধিনায়ক ঠিক করেনি।
গুরুত্বপূর্ণ এসব ব্যাপারে সিদ্ধান্ত কী আসবে সেটা ভবিষ্যৎ বলবে। তবে আপাতত পিসিবির শীর্ষ কর্মকর্তাদের পরিকল্পনা হলো, সাবেক ক্রিকেটারদের কয়েকজনকে নিয়ে একটা উপদেষ্টা কমিটি গঠন করে তাঁদের পরামর্শও শোনা হবে গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেটপাকিস্তান জানাচ্ছে এ খবর।
মহসিন নাকভি পিসিবির দায়িত্ব পাওয়ার পরই পাঞ্জাব প্রশাসনে তাঁর অধীনে কাজ করা কয়েকজনকে বোর্ডে নিয়ে এসেছেন। এতে বোর্ডের সাবেক কর্মীরা চাকরি নিয়ে টানাটানিতে পড়ে গেছেন বলে জানাচ্ছে ক্রিকেট পাকিস্তান। এমন অবস্থায় উপমহাদেশে যা হয়, সেভাবেই চাকরি বাঁচাতে সরকারের ক্ষমতাশীলদের শরণাপন্নও হচ্ছেন অনেকে।
তবে পাঞ্জাব প্রশাসন থেকে আনা নতুন কর্মীদের ঘরোয়া ক্রিকেট, এর স্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা নাকভি করেছেন বলে জানাচ্ছে ক্রিকেটপাকিস্তান। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হওয়ার কথা, সেদিকে চোখ রেখে পাকিস্তানে স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের মতো মেগা প্রকল্পেই নাকভির ইচ্ছা বেশি বলে প্রতিবেদনে জানানো হচ্ছে।