কদিন আগেই দায়িত্ব পাওয়া নির্বাচক কমিটিতে পরিবর্তন চান বোর্ডপ্রধান

এই তো খুব বেশিদিন আগের কথা নয়, ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পরই নতুন নির্বাচক কমিটি এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক পেসার ওয়াহাব রিয়াজের নেতৃত্বে সে নির্বাচক কমিটি বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গেছে।

দল নির্বাচনে সাহসিকতায় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি পেসার হারিস রউফ বিতর্কে সমালোচনাও হয়েছে। এদিকে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। 

মহসিন নাকভি বলেছেন, দল ও অধিনায়ক নির্বাচনে সরাসরি ভূমিকা রাখতে চান না। তাঁর ধারণা, নির্বাচক কমিটি যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ কারণেই নির্বাচক কমিটিতে বদল আনতে চান তিনি।

এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাকভি, ‘আমি অধিনায়ক নির্বাচন করব না, নির্বাচক কমিটি অধিনায়ক নিয়োগ দেব। আমি হয়তো কমিটিতে কিছু পরিবর্তন আনব। তবে আমি বিশ্বাস রাখি নির্বাচক কমিটির এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে।’

এতে দল সংক্রান্ত সবকিছুর ভার থেকে তিনি নিজে মুক্তি পাবেন বলে আশাবাদী নাকভি, ‘এতে সাফল্য ও ব্যর্থতার ভার কমিটি, কোচ ও অধিনায়কের। ফল আনার দায়িত্ব যেহেতু তাদের, তারাই সিদ্ধান্ত নেবে।’

সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ নিজের পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর ক্ষমতা আরও বাড়ানোর সম্ভাবনাও আছে। অতীতে পাঞ্জাব সরকারে একসঙ্গে কাজ করেছেন বলে দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। তবে রিয়াজের সঙ্গীসাথি নিয়োগেই পরিবর্তনের আভাস নাকভির।

এদিকে দলের সবার কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা দেখতে চান নাকভি। সবাই নিজের সেরাটা দিলেই তিনি খুশি, ‘জিতলাম নাকি হারলাম তাতে কিছু যায় আসে না। কিন্তু যারা খেলা দেখবে তারা যেন বুঝতে পারে, আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের দল জেতার জন্যই মাঠে নামে, তবে হারলেও ক্ষতি নেই যদি সম্মান নিয়ে হারে। যখন খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, আমি ব্যাখ্যা করেছি একদম বাজে ভাবে না হারলেই হলো। আশা করি আগামী দিনগুলোতে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট কঠোর পরিশ্রম করবে। ফলাফল অবশ্য আল্লাহর হাতে।’