বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। বৈশ্বিক টুর্নামেন্টের আগে এমন দ্বিপাক্ষিক সিরিজ পেলে সব দলই তাদের পূর্ণ শক্তির দল পাঠাবে। বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ কারা হাতছাড়া করবে? তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি যেন পাত্তাই দিচ্ছে না নিউজিল্যান্ড।
আইপিএল খেলা ক্রিকেটারদের বাদ দিয়ে দ্বিতীয় সারির দল পাকিস্তান সফরে পাঠাচ্ছে নিউজিল্যান্ড। তবে এবার সেই দল থেকে ছিটকে গেছেন বিশ্বকাপের মূল দলে খেলতে যাওয়া দুই ক্রিকেটার। চোটের কারণে পাকিস্তান যাচ্ছেন না পেসার অ্যাডাম মিলনে ও ওপেনার ফিন অ্যালেন।
পাকিস্তান সফরে প্রথমে দ্বিতীয় সারির দল ঘোষণা, এরপর মূল দুই ক্রিকেটার ছিটকে যাওয়া। সব মিলিয়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারই যেন খুঁজে পাচ্ছে না কিউইরা। দুই তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় এবার বাধ্য হয়ে সাদা পোশাকের এক ক্রিকেটার এবং অখ্যাত আরেক বোলারকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
কিউইদের জার্সিতে নিয়মিত টেস্ট খেলা উইকেটকিপার টম ব্লান্ডেল ও অভিষেকের অপেক্ষায় থাকা পেসার জ্যাক ফউকসকে টি-টোয়েন্টি দলে যুক্ত করেছে নিউজিল্যান্ড। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী ১৮ এপ্রিল।