উইন্ডিজদের কাঁপিয়ে নিউগিনি জানাল তারাও বিশ্বকাপ খেলতে এসেছে

গতকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের মন্থর উইকেটে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাপুয়া নিউগিনি। তখন মনে হয়েছিল, সহজেই জিতে যাবে উইন্ডিজ। একদিকে ইতিহাস, ঐতিহ্য কিংবা শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ক্যারিবিয়ানরা। তার ওপর লক্ষ্যটা আহামরি নয় রোভমান পাওয়েলদের জন্য। কিন্তু এমন ‘ছোট’ লক্ষ্য তাড়া করতেই কিনা ঘাম ছুটে গেল উইন্ডিজের।

রান তাড়ায় ৯৭ রানে ৫ উইকেট হারানো উইন্ডিজের শেষ ৪ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। শঙ্কার মেঘ জড়ো হতে থাকে ক্যারিবিয়ানদের আকাশে। কিন্তু রোস্টন চেইজের অনবদ্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় দুই বারের চ্যাম্পিয়নরা। বল হাতে কোনো উইকেট না পেলেও ব্যাটিংয়ে ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থেকে উইন্ডিজের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

গতকাল গায়ানায় বৃষ্টির পূর্বাভাস ছিল। সে কারণে টস জিতে আগে নিউ গিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক পাওয়েল। প্রভিডেন্সের মন্থর উইকেটে ইনিংসের শুরুতেই ব্যাকফুটে চলে যায় নিউগিনি। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৪ রান তুলতে পারে আইসিসির সহযোগী দেশটি, সেটাও ৩ উইকেট হারিয়ে। দলীয় শত রানে পৌঁছার আগে আরও তিন উইকেট হারায় নিউগিনি।

শেষদিকে কাপলিন ডোরিগার ১৮ বলে ২৭ রানের ক্যামিওতে ১৩৬ রানের সংগ্রহ পায় দলটি। শেষ ৩ ওভারে নিউগিনির স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৭ রান। দলটির পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৫০ রান করেন সেসে বাউ।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ পেয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন ওপেনার জনসন চার্লস। পরের তিন বলে কোনো রান নিতে পারেননি উইন্ডিজের ব্যাটসম্যানরা। তখন ১.৪ ওভারে ১ উইকেটে ৮রান উইন্ডিজের। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি নামে গায়ানায়। কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয়নি সে বৃষ্টি। কিছুক্ষণ পর খেলা শুরু হলে উইন্ডিজের হাল ধরেন ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৪২ বলে ৫৩ রানের জুটি গড়েন।

ইনিংসের দশম ওভারে তিন রানের মধ্যে দুজনেই হারায় উইন্ডিজ। পুরান ২৭ রানে ও কিং ৩৪ রান করে আউট হন। দলের রান ১০০ হওয়ার আগেই পাওয়েল (১৫) ও রাদারফোর্ডও (২) আউট হন। নিউগিনির চোখে চোখ রাখা লড়াইয়ে ম্যাচ জমে ওঠে। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকা নিউগিনি শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি। এক প্রান্তে চেইস সাবলীল থেকে উইন্ডিজের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। আরেক প্রান্তে ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।