২৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। মিরপুর টেস্টের আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের হার অনেক সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সের কাছে দলের অস্থিরতা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এই ক্যারিবিয়ান কোচ উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনি আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট দেখছেন। কোনো ম্যাচের আগে কি এই প্রথম এমন বিশৃঙ্খলা দেখছেন?’
সিমন্সের উত্তর শুনেই বলে দেওয়া যায় বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক নতুন কিছু নয়। তবে হেড কোচ সিমন্স এসবে মন দিতে চান না।
তাঁর মনোযোগ এখন ২২ গজে, ‘আসল বিষয় হলো, আমরা কীভাবে নিজেদের কাজটা করি, সিরিজের জন্য কীভাবে প্রস্তুতি নিই। আমার মনে হয়, গত তিন-চার দিনে এখানে যে দলটি ছিল, তারা দারুণ কাজ করেছে। তারা নিজেদের কাজ করেছে। এখন পুরো দল একসঙ্গে হচ্ছে। আগামী দুই দিনে আমরা কী করি, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরে কী ঘটছে, সেটা নয়, দল হিসেবে প্রস্তুতির জন্য আমরা কী করছি, সেটাই আসল।’
দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সিমন্স বলেন, ‘আমি খুশি। কারণ, এখানে যে খেলোয়াড়েরা ছিল, তারা নিজেদের করণীয় কাজগুলো করেছে। এখন আমাদের হাতে দুই দিন সময় আছে। এই সময়ে সাদা বলের ক্রিকেট খেলে আসা খেলোয়াড়েরা দলের সঙ্গে যোগ দেবে, সবাই একসঙ্গে মিলে প্রস্তুতি নেব। এই দুই দিনেই আমরা সবকিছু গুছিয়ে নেব।’
আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সিলেটে ৫ নভেম্বর।


