বাংলাদেশের সঙ্গে ‘ধাক্কাধাক্কি’ চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন দিনে দিনে অন্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর চেয়ে পিছিয়ে পড়ছে, সে বিশ্লেষণে গেলে বিপিএলের আয়োজকদের হাজারো ব্যর্থতার বয়ানই আসবে আগে। তবে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাপার এটিও যে, বিপিএলের সময়টাতে একইসঙ্গে এতদিন পাকিস্তানে পিএসএল, সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ আর দক্ষিণ আফ্রিকায় এসএ২০ হতো।

পিএসএল আগামী মৌসুম থেকে মার্চ-এপ্রিলে, অর্থাৎ আইপিএলের সময়ে করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বিপিএলের জন্য যেটা একটা সুখবর হয়েই এসেছে। তবে আজ দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়ে দিয়েছে, তারা সে পথে হাঁটছে না। আগামী বছরও তাদের টুর্নামেন্ট জানুয়ারি থেকে ফেব্রুয়ারির সময়েই হবে।

অর্থাৎ বিপিএলের সঙ্গে ‘ধাক্কাধাক্কি’ চলবে এসএ২০-র। বিপিএলও যে সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়।

দক্ষিণ আফ্রিকা বোর্ড আজ জানিয়েছে, গত দুই বছরের মতো আগামী বছর টুর্নামেন্টটির তৃতীয় সংস্করণও একই সময়ে হবে। দিনতারিখও নির্দিষ্ট করে জানিয়েছে – শুরু হবে ৯ জানুয়ারি, শেষ হবে ৮ ফেব্রুয়ারি। ৬ দলের ৩৪ ম্যাচের টুর্নামেন্টটিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বেশ কয়েকটিরই মালিকানা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। গত দুবারই চ্যাম্পিয়ন হওয়া সানরাইজার্স ইস্টার্ন কেইপ যেমন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের ‘সিস্টার কনসার্ন।’  

আইপিএলের সঙ্গে সূচিতে তাই এসএ২০ ঝামেলা পাকাবে না, সেটা অনুমিত। তাই অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেই যুঝবে তারা। আজ এসএ২০-র কমিশনার ও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ আগামী মৌসুমের টুর্নামেন্টের সূচির কথা জানিয়ে বলেছেন, ‘দুটি সফল মৌসুমের পর আমাদের পরিকল্পনা হচ্ছে দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মকালের সুবিধাটা নেওয়া এবং সবাইকে বিশ্ব ক্রিকেটের বড় নামগুলোর খেলা উপভোগ করার সুযোগ করে দেওয়া – সেটা ভরা স্টেডিয়ামেই হোক বা বৈশ্বিক সম্প্রচারমাধ্যমেই হোক।’