বলছেন জালাল ইউনুস 

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে বিসিবি খুশি!

বিশ্বকাপে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ম্যাচ জিতলেই ইতিহাসের পাতায় চলে যেতে পারত বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে না লাগিয়ে ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার পর বড় পরিবর্তন আসতে পারে বলে অনেকেই ধারণা করেছিলেন। তবে বিসিবির তরফ থেকে আজ ভিন্ন এক তথ্য সামনে এসেছে। 

সুপার এইটে টানা তিন ম্যাচ হেরে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পারফরম্যান্সের পরও খুশি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

আজ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান সাংবাদিকদের জানান দেশের ক্রিকেট বোর্ড এই পারফরম্যান্সে খুশি। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি, সে জন্য সবাই খুশি।’ 

দলের কোচিং স্টাফে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘সবাই দিন শেষে ভালো করার চেষ্টা করে। ভুলভ্রান্তি থাকতে পারে। কেন ভুলভ্রান্তি হলো সেগুলো আমাদের বের করতে হবে।’

ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘যাদের আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের কোনো গাফিলতি আছে কি না অথবা খেলোয়াড়দের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে কি না এটা আমাদের জানা দরকার। তাদের মধ্যে কোন গ্যাপ ছিল কি না, সেটা আমাদের জানতে হবে।’