দেশের ক্রিকেটের নতুন আলোচনার জন্ম দিয়েছেন তাসকিন আহমেদ। ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার ররাত দিয়ে বলা হয়েছে, ভারতের বিপক্ষে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাসকিনের। আর এ কারণেই তাঁকে ছাড়াই ২২ জুন ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ দল।
দেশীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, সেদিন ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন তাসকিন। যে কারণে দলের সঙ্গে মাঠে যেতে পারেননি। আর এ জন্যই নাকি ভারত ম্যাচের একাদশে তাঁকে রাখা হয়নি। যদিও সেদিন ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় দলের সঙ্গে দেখা গেছে তাসকিনকে।
সূত্র বলছে, ভারত ম্যাচের দিন সকালে বাসে তাসকিন আহমেদ পাননি। ফোন করলেও রিসিভ করেননি দলের সহঅধিনায়ক।
আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাই তাসকিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। পরে এক স্টাফসহ মাঠ যান তাসকিন। সাকিব আল হাসান বলেছেন, যখন মাঠে পৌছেছেন তাসকিন, তখন টসের মাত্র ৫-১০ মিনিট বাকি ছিল। তাই ভারত ম্যাচের একাদশে রাখা হয়নি তাঁকে। তবে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় দলের সঙ্গে ছিলেন তাসকিন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাতেও নাকি এ নিয়ে আলোচনা হয়েছে। এর আগেই অবশ্য এ ঘটনা যে পুরোপুরি মিথ্যা নয়, তার আভাস মিলেছে। মেজর লিগ ক্রিকেট খেলতে আজ বিকেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ নিয়ে কথা বলেছেন সাকিব।
সাকিব জানিয়েছেন, যে কারণেই হোক, দেরি করেছিলেন তাসকিন। আর এ কারণেই তাঁকে ছাড়া মাঠে চলে যায় টিম বাস। দলের এত গুরুত্বপূর্ণ এক সদস্যকে ছাড়া বাস ছেড়ে না দিয়ে তাঁকে ডেকে তোলা যেত কিনা, এমন প্রশ্নও করা হয়েছিল সাকিবের কাছে।
উত্তরে সাকিব বলেছেন, ‘এই জিনিসগুলো (ঘুম থেকে ডেকে তুলে আনা) ক্রিকেটে হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই যে আপনি এরকম ঘরে, পুরো দল অপেক্ষা করবে। দল কখনো অপেক্ষা করে না। এটা কোথাও হয় না। আমরা যখন বয়সভিত্তিক ক্রিকেট থেকে খেলে এসেছি, এখনো মনে আছে আমাদের এমনও হয়েছে যে ক্রিকেটার পেছনে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে তাই বাস চলে গেছে। তাই বাস কখনো থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না আসলে।’