পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হ্যারি ব্রুকের

পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে শান মাসুদদের ৫৫৬ রানের জবাবে ইতিহাস গড়েছে সফরকারী দল। দলকে লিড এনে দেওয়ার পথে নিজের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন হ্যারি ব্রুক।

মুলতান টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তোলে নেন প্রথম সেশনেই।  এরপর দ্বিতীয় সেশনেও পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে নিজের রানের গতি বাড়াতে থাকেন ব্রুক। ৩১০ বলে এই ডানহাতি ব্যাটসম্যান টেস্টের ইতিহাসে ২৮তম ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি দেখা পেয়ে যান।

টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এখন ব্রুকের। দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড শেবাগের (২৭৮ বলে)।

ক্যারিয়ারের ১৯তম টেস্ট খেলা ব্রুক ষষ্ঠ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। এর আগে ১৯৯০ সালে গ্রাহাম গুচ পঞ্চম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। লর্ডসে ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির দীর্ঘ ৩৪ বছর পর আবারও ট্রিপল সেঞ্চুরির দেখা মিলল কোনো ইংলিশ ব্যাটসম্যানের।

পাকিস্তানের বিপক্ষে ব্রুকের ট্রিপল সেঞ্চুরির আগে জো রুটও রেকর্ড করেছেন। যেখানে ব্রুক-রুট জুটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। যা এর আগে ছিল নিজ দেশের সতীর্থ জস বাটলার ও জ্যাক ক্রলির। ২০২০ সালে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। মুলতানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রুট ও ব্রুক, গড়েছেন যেকোনো উইকেটে ইংলিশ ৪৫৪ রানের রেকর্ড জুটি। রুট ২৬২ রান আউট হয়ে যাওয়ায় ইতিহাস প্রথমবার এক ইনিংসে দুটি ট্রিপল সেঞ্চুরির দেখা মিলেনি। 

পাকিস্তানের বিপক্ষের হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ ৭৯৭ রান পার করেছে। সেই সঙ্গে ইংলিশদের লিড ২৪১ রানের। ৩১৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে সায়েম আইয়ুবের বলে আউট হয়েছেন ব্রুক।